বাংলাদেশে সর্বশেষ ২০১৪ সালের শুমারি বলছে, দেশে মোটে ২৬০টি শকুন রয়েছে, যার সব কটিই বাংলা শকুন। ইংরেজি নাম হোয়াইট-র্যাম্পড ভালচার। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক ইউনিয়ন-আইইউসিএন বাংলাদেশ ও বন বিভাগের যৌথ উদ্যোগে বাংলাদেশে শকুন রক্ষায় একটি প্রকল্প চালু হয়েছিল। তাদের এক জরিপে ২০১৬ সালে সারা দেশে সেই সংখ্যা কমে দাঁড়ায় ২০০টির মতো। কয়েক বছরে হয়তো সেই সংখ্যা আরও কমেছে। গুটিকয় সংখ্যার মধ্যে ১২টি শকুনের বসবাস রয়েছে পাবনার বেড়া উপজেলার চাকলা মোল্লাপাড়া গ্রামে। ৩০ বছরের বেশি সময়ে ধরে দল বেঁধে এখানেই বসবাস করছে এরা। এলাকার নারকেল, তেঁতুল ও দেবদারুগাছে বাসা বেঁধে বাচ্চাও তুলছে এ বাংলা শকুনের দল। বলা যায়, সিলেটের মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং সুন্দরবনের পর লোকালয়ে এটাই একমাত্র শকুনের কলোনি। আইইউসিএন বলছে, শকুন এখন সংস্থাটির লাল তালিকাভুক্ত প্রাণী। এর মানে হচ্ছে, প্রকৃতি থেকে যদি কোনো প্রাণীর মোট সংখ্যার ৯০ শতাংশই হারিয়ে যায়, তাহলে সেটি রেড লিস্ট বা লাল তালিকাভুক্ত প্রাণী হয়।
