চাকরি করতেন ব্র্যাকের ক্ষুদ্রঋণ কার্যক্রমে। কিন্তু কোমল মনের বিউটি বেগম ঋণ আদায়ে মোটেও সিদ্ধহস্ত হতে পারছিলেন না। একসময় সুযোগ আসে ভারতের রাজস্থানে কৃত্রিম হাত-পা সংযোজন বিষয়ে প্রশিক্ষণের। প্রশিক্ষণ শেষে ভারতে কাজের পর কাজ শুরু করেছেন ব্র্যাকের ঢাকা সেন্টারে। এভাবে কাটতে থাকে। পরে ২০১৪ সালে নিজের প্রতিষ্ঠান ‘ইজি লাইফ ফর বাংলাদেশ’–এর যাত্রা শুরু হয়। এখান থেকে তিনি বিভিন্ন পর্যায়ে বিনা মূল্যে ৩৫ জনকে কৃত্রিম পা সংযোজন করে দেন। এ ছাড়া একটি বেসরকারি সংস্থার সঙ্গে মিলে এ বছর নামমাত্র মূল্যে ১৭ জনকে কৃত্রিম পা লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কৃত্রিম হাত-পা ব্যবহারকারী যখন খুশির হাসি হাসেন, তখনই আমি মনে করি আমার পরিশ্রম সফল হয়েছে। তাঁদের হাসিই আমার সফলতা।’
