খায়রুজ্জামানের ফেসবুক স্ট্যাটাস

আমাকে আরেকবার সুযোগ দেবেন?

খায়রুজ্জামান
খায়রুজ্জামান

দলের সবুজসংকেত পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছিলেন গত বছরের মাঝামাঝিতেই। সভা, সমামেশ, গণসংযোগের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন উঠান বৈঠকও। এবার ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সবার কাছে আরেক মেয়াদে সুযোগ চাইলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান।

নিজের ফেসবুক প্রোফাইল থেকে গত রোববার মাঝরাতে স্ট্যাটাসটি দেন সাবেক এই সিটি মেয়র। এরপর থেকেই সেই স্ট্যাটাস শেয়ার হতে থাকে ফেসবুকে। লাইক-কমেন্ট করে শুভকামনা ও সমর্থন জানান খায়রুজ্জামানের রাজনৈতিক অনুসারী-শুভাকাঙ্ক্ষীরা।

ইংরেজিতে দেওয়া ওই স্ট্যাটাসে খায়রুজ্জামান বলেন, ‘পাঠকেরা, অসম্পূর্ণ সেই স্বপ্ন পূরণে আবারও কি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন? রাজশাহীকে নিয়ে আমার ভিশন সম্পূর্ণ করতে আমার আরও পাঁচ বছর সময় প্রয়োজন। যে রাজশাহীতে আমাদের সন্তান ও তার পরবর্তী প্রজন্ম আনন্দের সঙ্গে বসবাস করবে। আসুন, এই শহরকে শিক্ষানগরী, স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তুলি...।’