আরফানের নৌকা তীরে ভিড়বে কি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক
ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নৌকা প্রতীকের আরফানুল হক (রিফাত) এবারই প্রথম নির্বাচন করছেন। এ নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী হয়েছেন। নির্বাচনের দুই দিন আগে প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে আরফানুল হক বলেছেন, ‘ইনশা আল্লাহ, আমার আশা, আমার বিশ্বাস, কুমিল্লার মানুষ নৌকার পক্ষেই রায় দেবে। আমি এক শ ভাগ আশাবাদী।’

আরফানুল হক ১৯৮১ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের বহিঃক্রীড়া সম্পাদক পদে ছাত্রলীগ থেকে নির্বাচন করে জয়ী হন। তিনি শতবর্ষের ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবে সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে একাধিকবার জয়ী হন।

স্থানীয় সরকার নির্বাচনে এটি তাঁর প্রথম নির্বাচন। আরফানুল হক বলেন, ‘প্রথমবার নির্বাচন করছি। জনগণ আমার পক্ষে রায় দেবেন। আমার কোনো কালো দাগ নেই। রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবারের সন্তান হিসেবে কুমিল্লার নগরবাসী আমাকে ভোট দেবেন। মানুষ পরিবর্তন চান। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

বিজয়ী হলে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করার কথা বলেছেন আরফানুল হক। তিনি বলেন, ‘আমি কুমিল্লার মানুষের সেবা করব। আর আমার সেই সেবাকাজে জননেত্রী শেখ হাসিনা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। কুমিল্লার যে সমস্যাগুলো, তা গত ১৬ বছরেও লাস্ট মেয়র (মনিরুল হক) দূর করতে পারেননি। তিনি কুমিল্লার মানুষকে মুক্তি দিতে পারেননি।

আমার বিশ্বাস, আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি, আমি কুমিল্লার মানুষের কোনো সমস্যা নিয়ে গেলে নেত্রী আমাকে নিরাশ করবেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়র প্রার্থী। নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন।’

কুমিল্লার রাজনীতিতে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত আরফানুল হক। এই নির্বাচনের প্রচারের সময় বাহাউদ্দিনের এলাকায় থাকা নিয়ে বিতর্ক চরমে ওঠে। নির্বাচন কমিশন তাঁকে একাধিকবার এলাকা ছাড়ার জন্য বললেও তিনি তাতে কর্ণপাত করেননি।

স্থানীয় সংসদ সদস্যের (বাহাউদ্দিন) সমর্থন তাঁর জন্য বাড়তি পাওনা কি না, প্রথম আলোর এমন প্রশ্নে আরফানুলের উত্তর ছিল, ‘বাড়তি পাওনা আমার সব কাজের জন্য। কুমিল্লার মানুষের যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধানের জন্য আমি ওনার সঙ্গে পরামর্শ করব এবং আমার বিশ্বাস, আমার একজন মুরব্বি হিসেবে কুমিল্লার মানুষের আস্থার জায়গা উনি। উনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।’

কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন হচ্ছে আজ। এর আগে দুই দফায় ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী মনিরুল হক (সাক্কু)। এবারও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। মনিরুলকে হারিয়ে এবার আরফানুল হক মেয়র পদে আসতে পারবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।