আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে গতকাল সোমবার দলের কেন্দ্রীয় নেতারা দেখা করেছেন। লন্ডনে অসুস্থ স্ত্রীকে দেখে দেশে ফিরেছেন সৈয়দ আশরাফ। এ ব্যাপারে খোঁজখবর নিতে কেন্দ্রীয় নেতারা তাঁর বাসায় যান। দুপুর ১২টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল সেখানে যান। আশরাফের বাসায় যাওয়া একজন নেতা বলেন, ওবায়দুল কাদের দলের ধানমন্ডি কার্যালয় থেকে সৈয়দ আশরাফের বাসায় যান। এ সময় তাঁর স্ত্রীর অসুস্থতার খোঁজখবর নেন। সৈয়দ আশরাফ নেতাদের চা-নাশতা দিয়ে আপ্যায়ন করেন। তাঁর স্ত্রীর অসুস্থতার বিষয়টি বিস্তারিত তুলে ধরেন। প্রায় ৪০ মিনিট নেতারা সেখানে অবস্থান করেন।