ইসি গঠন হচ্ছে ভোট চুরির প্রক্রিয়া: আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে চাই না। নির্বাচন কমিশন কোনো ফ্যাক্টর নয়। নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করে লাভ নেই। এটা হচ্ছে ভোট চুরির প্রক্রিয়া। এ প্রক্রিয়ার প্রধান চোর আছে। সহযোগী চোর আছে। ইসি হলো ভোট চোরের সহযোগী সংগঠন।’

আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে বাংলাদেশ ইয়ুথ ফোরামের ‘নির্বাচন কমিশন গঠনের তামাশা ও নিরপেক্ষ নির্বাচনের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ বলেন, ‘সম্প্রতি বিদেশের একটি অনুষ্ঠানে দর্শকসারি থেকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন, “আমাদের টাকা নেই। টেকনোলজি নেই।” অথচ সরকারের অর্থমন্ত্রী বলছেন, দেশে টাকা রাখার জায়গা নেই। বিদ্যুৎ বিল, গ্যাস বিল ও পানির বিলের মাধ্যমে সমস্ত টাকা লুটে নিচ্ছে। উন্নয়নের যে কথা বলা হচ্ছে, তা চুরির “টুল”মাত্র। চুরির মাধ্যমে দেশের তহবিল ধ্বংস করে ফেলেছে। যে উন্নয়নের কথা বলছেন, তা আপনাদের (ক্ষমতাসীনদের) হয়েছে। জনগণ এই চুরির শিকার। তাঁরা টিসিবির ট্রাকের জন্য বসে থাকেন।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশের বিদ্যমান সংকট নিরসনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। বাংলাদেশের মানুষের ভোটাধিকার যারা কেড়ে নিয়েছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম।