উন্নয়নের কথা শুনে কেউ বিস্মিত না, বরং বেকুব হচ্ছে: মান্না

জাতীয় প্রেসক্লাবে ‘কল্যাণরাষ্ট্র ভাবনা’ শীর্ষক আলোচনা সভা। ২৯ নভেম্বর
ছবি: প্রথম আলো

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, আপনি মেগা প্রকল্প করছেন, মানুষের পেটে ভাত নেই। তার মানে রাষ্ট্র মানুষের পেটে ভাত দেওয়ার কথা ভাবে না।

মান্না বলেন, ‘এত উন্নয়ন করেছি, রোল মডেল, সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে। আমি বলব, সবাই বেকুব হয়ে অবাক হয়ে যাচ্ছে। এই দেশের উন্নয়নের কথা শুনে কেউ বিস্মিত হয় না, বরং বেকুব হয়ে যাচ্ছে। করোনার অভিঘাতে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দরিদ্র হয়ে গেছে, তারপরেও তারা বলছে আমরা সারা বিশ্বের কাছে উন্নয়নের সেই ধরনের একটা মডেল তৈরি করেছি।’

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘কল্যাণরাষ্ট্র ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্য এ সভার আয়োজন করে।

মান্না বলেন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু খুব চমৎকার অভিনয় করতে পারেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট হয়ে গেছে। প্রধানমন্ত্রী টিভির সামনে দাঁড়িয়ে বললেন, ‘আহা রে এত সুন্দর একটা নির্বাচন করলাম। অথচ বিরোধী দল এটা মানতে চায় না।’

তিনি আরও বলেন, জনগণকে উন্নয়নের লবডঙ্কা দেখিয়ে গত ১২ বছরে যতরকম অকল্যাণ তা এই সরকার করেছে। এই সরকারকে কেউ পছন্দ করে না। শুধু এক ব্যক্তির হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ফ্রান্সে গিয়ে বলছেন আমাদের অর্থনীতি এত ভালো যে আমরা অস্ত্র কেনার সক্ষমতা অর্জন করেছি। দেশে মানুষ না খেয়ে মারা যায়, তিনি বলেন অস্ত্র কেনার টাকা হয়েছে আমাদের। এ রকম শাসকদের মাথায় কী আছে? একটাই—ক্ষমতা ও অর্থ।’

আলোচনা সভার শুরুতে মাহমুদুর রহমান মান্না বলেন কল্যাণরাষ্ট্রে নাগরিকের খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও জীবিকার দায়িত্ব নেবে সরকার। কল্যাণরাষ্ট্র হলে নাগরিকেরা কী পাবেন, কেমন হবে রাষ্ট্রের সবকিছু, তার একটি প্রস্তাবনা তুলে ধরেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিকল্প ধারার নতুন অংশের সভাপতি নুরুল আমিন ব্যাপারী, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ।