এক কেন্দ্রে ব্যতিক্রম চিত্র

তারাপাইয়া কেন্দ্র
তারাপাইয়া কেন্দ্র

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ও ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। তবে ব্যতিক্রম চিত্র দেখা গেছে, ২৫ নম্বর ওয়ার্ডের তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে।

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এনামুল হক খান প্রথম আলোকে বলেন, সকাল থেকে ভোটারদের চাপ ছিল বেশি। দুপুর ১২টার মধ্যেই ৫০ শতাংশের মতো ভোট ও গ্রহণ সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রে ভোটার ১ হাজার ৯৭৬ জন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে গিয়ে দেখা যায়, অন্যান্য ভোট কেন্দ্রের মতো এখানে লম্বা কোনো লাইন নেই। বুথগুলো অনেকটাই ভোটার শূন্য।


ভোট দিয়ে ফেরার সময় আবু তাহের নামে এক ভোটার প্রথম আলোকে বলেন, কোনো ভিড় নেই। লাইনে দাঁড়াতে হয়নি। ভোট দিতে তাঁর পাঁচ মিনিটের বেশি সময় লাগেনি ।

তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে ভোট গ্রহণ কিছুটা ধীরগতিতে হচ্ছে। এখানে দুপুর ১২টার মধ্যে ৩৭ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন। কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৯০৮। এর মধ্যে ৬৭৭ জন ভোট দিয়েছেন।