
সাম্প্রদায়িক শক্তি, মাফিয়া, লুটেরা শ্রেণি এখন ক্ষমতায় যাওয়া ও টিকে থাকার হাতিয়ার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। তিনি বলেন, এই অপশক্তির ইন্ধন দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। যার জন্য আজ দেশ বিপদগ্রস্ত। প্রতিনিয়ত মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ শনিবার বিকেলে হওয়া এক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন পঙ্কজ ভট্টাচার্য। নাট্যব্যক্তিত্ব অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা, সাভারে কলেজশিক্ষক উৎপল কুমারকে পিটিয়ে হত্যা, নড়াইলে কলেজশিক্ষককে অপমানের প্রতিবাদ ও বিচারের দাবি এবং সম্প্রীতির স্বদেশ গড়ে তোলার দাবিতে এ সমাবেশ হয়। এর আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, শুধু নড়াইল বা আশুলিয়ার ঘটনা দিয়ে শেষ নয়, ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটে আসছে দেশে। কিন্তু প্রশাসনের সামনে এমন ঘটনা প্রমাণ করে রাষ্ট্র আজ কতটা অসহায়। এ দীনতা আর সাম্প্রদায়িকতার সঙ্গে আঁতাত করে মুক্তিযুদ্ধ বাঁচানো যাবে না। এক্ষুনি সাম্প্রদায়িক-উগ্রবাদীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনতে হবে।
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার বলেন, গোটা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস ও প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। এখনই অপশক্তি সাম্প্রদায়িকতাবাদীরা সবকিছু দখল করার প্রতিযোগিতায় নেমেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, এ জাতিকে বাঁচাতে হলে শিক্ষাব্যবস্থা থেকে সাম্প্রদায়িক-উগ্রবাদীদের চিহ্নিত করতে হবে। কঠোর হস্তে এসব দমন করতে হবে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হয়, আমরা বাঙালি সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে বিসর্জন দিয়ে আবার ৪৭–এর ধারায় নেমে যাচ্ছি। এখানে নাটক, গান, জারি–সারি, ভাটিয়ারিসহ আবহমান বাংলার যে সংস্কৃতি, তা অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেশে কোথাও পয়লা বৈশাখ, গান-নাটক করতে হলে সময় বেঁধে দেওয়া হয়। এই সংস্কৃতি থেকে রাষ্ট্রকে বের হয়ে আসতে হবে।’
সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা সেলু বাসিত সমাবেশে সভাপতিত্ব করেন। এ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য অলোক দাস গুপ্ত, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আবদুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মো. নূরুল আমীন প্রমুখ।