রাজশাহী বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

সংগঠনের কর্মীকে মারধরের অভিযোগে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সহসভাপতিকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ বিন জহির ও সহসভাপতি রেজয়ানুল হক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে ইসলামের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ফজলুল হক ক্যাম্পাস থেকে নবাব আবদুল লতিফ হলের দিকে আসছিলেন। এ সময় শাহ মখদুম হলের সহসভাপতি রেজয়ানুল হক হলের পাশে সুইমিং পুলের সামনে দিয়ে বান্ধবীর সঙ্গে যাচ্ছিলেন। ফজলুল হক তাঁদের দিকে দুবার তাকানোর কারণে রেজয়ানুল তাঁকে বেধড়ক পেটাতে শুরু করেন। পরে শাহ মখদুম হলের সভাপতি আরিফ বিন জহিরও সেখানে উপস্থিত হন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম বলেন, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য শাহ মখদুম হলের সভাপতি আরিফ বিন জহির ও সহসভাপতি রেজয়ানুল হককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা সংগঠনের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তিনি আরও বলেন, যদি ছাত্রলীগের কোনো নেতা-কর্মী অপ্রীতিকর ঘটনা ঘটান, তাঁকে কখনো ছেড়ে দেওয়া হবে না।
রেজয়ানুল হকের অভিযোগ, বান্ধবীকে নিয়ে হেঁটে যাওয়ার সময় ফজলুল তাঁদের উত্ত্যক্ত করেন। ফজলুল হক বলেন, ‘আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁদের দিকে তাকিয়েছি মাত্র।’ আরিফ বিন জহির বলেন, ‘আমি সেখানে সময়মতো উপস্থিত না হলে বড় কোনো অঘটনা ঘটতে পারত। তবে ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছেন, আমি তা মাথা পেতে নিতে বাধ্য।’
এর আগে অভ্যন্তরীণ কোন্দলের জেরে শনিবার কর্মীদের হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়।