
জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘আওয়ামী লীগ চায় বিএনপি সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসুক। সামনে নির্বাচন।
নির্বাচনে মানুষের কাছে যান। ভোটে যদি জয়লাভ করেন, আপনাদের স্যালুট দিয়ে ক্ষমতায় বসাবে আওয়ামী লীগ।’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এক সভায় এসব কথা বলেন মোফাজ্জল হোসেন চৌধুরী। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের চামড়া তুলে নেওয়ার কথা বলেন আপনারা। মুখ দিয়ে দেশ উদ্ধার করা যায়। কিন্তু আপনার মুরদ কতটুকু, সেটাও দেখতে হবে।’
সভার প্রধান বক্তা মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘বিএনপির মহাসচিব পবিত্র প্রেসক্লাবে সকাল থেকে রাত আটটা পর্যন্ত যেভাবে মিথ্যাচার করেন, এতে প্রেসক্লাবের পবিত্রতা নষ্ট করে ফেলেছেন। ...এদিকে নজর রাখার জন্য সাংবাদিক ভাইদের অনুরোধ করব। এর পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের সবার।’
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ২০১৪ ও ২০১৮ সালে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছিল। ষড়যন্ত্র করেছিল বিএনপি, জামায়াতের লোকজন। এই দুবার সরকার উৎখাতের ষড়যন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় মহাজোট ব্যর্থ করে দিয়েছে। পদ্মা সেতু যখন উদ্বোধন করা হচ্ছে, তখনো ষড়যন্ত্র হচ্ছে।
ইনু বলেন, বাংলাদেশে এই মুহূর্তে ১৪ দলের চ্যালেঞ্জ, যেকোনো মূল্যে সাংবিধানিক ধারা অব্যাহত রাখা। পাশাপাশি জাতীয় জীবনের সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতিরও সমাধান করতে হবে।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন। সভায় আরও বক্তব্য দেন ১৪ দলের নেতারা।