তিতুমীর কলেজের সামনের সড়কে ছাত্রলীগের অবরোধ

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক এক নেতার মোটরসাইকেল পুলিশ আটক করায় গতকাল বুধবার বিকেলে এক ঘণ্টা কলেজের সামনের সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বিপ্লব দুই সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে বারিধারায় যাচ্ছিলেন। এ সময় সেখানে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান তাঁদের থামিয়ে তল্লাশি করেন। তাঁরা কাগজপত্র দেখাতে না পারায় পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় পুলিশ মোটরসাইকেলটি আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে বিপ্লব তিতুমীর কলেজে খবর দিলে ছাত্রলীগের একদল কর্মী ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তাঁরাও পুলিশের সঙ্গে কথা-কাটাকাটিতে লিপ্ত হন।