নাজমুল হুদা গড়লেন 'তৃণমূল বিএনপি'

‘তৃণমূল বিএনপি’ নামের নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে তৃণমূল বিএনপি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে দলের গঠনতন্ত্র, আদর্শ ও কাঠামো নিয়ে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানান ‘তৃণমূল বিএনপির’ আহ্বায়ক নাজমুল হুদা। এর আগে নাজমুল হুদা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স নামে একটি জোট গঠন করেছিলেন।
নাজমুল হুদা জানান, ত্রিশ দলের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স বা বাংলাদেশ জাতীয় জোটের চালিকাশক্তি হিসেবে ‘তৃণমূল বিএনপি’ নেতৃত্ব দেবে। ভবিষ্যৎ জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে তিনি ধানের শীষ, ধানের ছড়া কিংবা পাট গাছ প্রতীক হিসেবে চাইবেন বলেও সংবাদ সম্মেলনে জানান।
বিএনপির এই সাবেক স্থায়ী কমিটির সদস্য নাজমুল হুদা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিতে অরাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে দল হিসেবে বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে। সে জন্য মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে তৃণমূল বিএনপি গঠন করা হয়েছে।
নাজমুল হুদা বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন বর্জন করায় বিএনপি এখন সরকারে কিংবা সংসদে নেই। আর হরতাল অবরোধের মতো কঠিন কর্মসূচিতে ব্যর্থ হয়ে অনেকটা পরাজয়ের গ্লানি নিয়েই দলটি এখন নিষ্ক্রিয় ও নিশ্চিহ্ন প্রায়। তার ওপর বিএনপিকে অস্তিত্বহীন করতে একদলীয় শাসনে বিশ্বাসী শাসক দলের আগ্রাসী ভূমিকা তো রয়েছেই। মামলা, হামলা কোনোটি থেকে দলের নেতা কর্মীরা রেহাই পাচ্ছে না। দলের নেতৃত্বে অ-রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব, সিদ্ধান্তহীনতা, দ্বিধা-দ্বন্দ্ব বিভিন্ন পর্যায়ের নির্বাচিত কমিটি গঠনে ব্যর্থ ইত্যাদি কারণে দলটি আজ মুখ থুবড়ে পড়েছে।’
মাঠ পর্যায়ে দলটির এখন ত্রাহি অবস্থা উল্লেখ নাজমুল হুদা বলেন, দল পরিচালিত হচ্ছে উত্তরাধিকার সূত্রে লন্ডন থেকে নির্দেশিত পথে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের রাজনীতিতে স্বজন-বিরোধী কঠোর অবস্থান বিএনপিকে সম্পূর্ণভাবে শাসকগোষ্ঠীর আত্মীয়দের প্রভাবমুক্ত রেখেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, খালেদা জিয়ার রাজনীতি তাঁর ঠিক বিপরীত। কেন্দ্রীয় কমিটি গঠনের ক্ষেত্রেই নয়, সরকারের মন্ত্রিসভা গঠন এমনকি সেনাবাহিনী প্রধান নিয়োগেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তে নিকট আত্মীয়দের প্রচণ্ড প্রভাব প্রতিফলিত হতে দেখা গেছে।