নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের অনেক জায়গায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণিসহ ১৫ আগস্টে নিহত সবার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোর মিছিল।
তবে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন পুনর্মিলনী অনুষ্ঠান হবে ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। যুবলীগ এই পুনর্মিলনীর নাম দিয়েছে ‘যুব জাগরণী সম্মেলন’।
৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বালন করে কর্মসূচির সূচনা করে যুবলীগ। এখানে নেতা-কর্মীদের শপথবাক্য পাঠ করান সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
গতকাল সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতারা। এরপর বেলা ১১টায় বনানী কবরস্থানে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে নেতা-কর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণিসহ ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের কবরে ফুলেল শ্রদ্ধা জানান। পরে কবরস্থানের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়।