
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে নানা অন্যায়-অবিচারের মূল কারণ হচ্ছে, জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায়। ঈদের আগে গণপরিবহন বন্ধ রাখা ছিল ভুল সিদ্ধান্ত। এতে মানুষের কষ্ট হয়েছে। মানুষ সরকারের ভুলে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে। ঈদের সময় নারীরা ঝুলে ঝুলে বাড়ি যায়, এত বড় অন্যায় কোনো দিন হয়নি। তিনি বলেন, সরকার ভুল করছে। ভুলের পর ভুল করছে। সরকারের উচিত হবে বাস-ট্রেন চালু করা ও বিনা পয়সায় ঢাকায় ফেরানোর ব্যবস্থা করা। যারা ঢাকায় আসছে, তাদের নমুনা পরীক্ষা করা।
‘ফারাক্কা দিবস’ উপলক্ষে আজ রোববার ভার্চ্যুয়াল নাগরিক আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গত কয়েক দিন যাবৎ গাঁজায় শিশু ও মানুষ হত্যা, নির্মমতা, নিষ্ঠুরতা চলছে, আমরা প্রতিবাদ করতে পারিনি। মুসলিম রাষ্ট্র কেউ কেউ ইহুদিদের নির্মমতায় নীরব, এ সময়ে মুসলিম রাষ্ট্র নিজেদের ঝগড়া ভুলে গিয়ে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ও দাঁতভাঙা জবাব দেওয়ার দরকার ছিল।
ইসরায়েলিরা হামলার ক্ষেত্রে শিশু ও সংবাদ মিডিয়া কাউকে বাদ দিচ্ছে না।
জাফরুল্লাহ অভিযোগ করেন, ইসরায়েলের মদদদাতা ভারত আর তাদের গোয়েন্দা সংস্থা ‘র’। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের যন্ত্রপাতি, অস্ত্র কারা ব্যবহার করছে এ ব্যাপারে কেউ প্রশ্ন তুলছেন না।
আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ এস আই খান, অস্ট্রেলিয়ার
ওয়েস্টার্ন ও সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।