নিজ নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধুর ছবি বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বুধবার নিজ নির্বাচনী এলাকা সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিতরণ করেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বুধবার নিজ নির্বাচনী এলাকা সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিতরণ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিতরণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের নেতাদের মধ্যে বঙ্গবন্ধুর ছবি বিতরণ করেন তিনি।

ছবি বিতরণ প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মুখে যা বলি, তা কাজে প্রমাণ করি। গতকাল দুপুরে (মঙ্গলবার) মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংকালে বঙ্গবন্ধুর ছবি ১৮ কোটি বাঙালির প্রতিটি ঘরে টাঙানোর কথা বলেছিলাম। সেটা বাস্তবায়নের লক্ষ্যেই আজ (বুধবার) আমার উপজেলা সরিষাবাড়ী আওয়ামী লীগের কাছে জাতির পিতার ছবি হস্তান্তর করেছি।’

এ ছাড়া সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তারেক রহমান সরকারের ভেতরে আরেকটি ‘সরকার’ তৈরি করেছিলেন। দেশের সম্পদ লুটপাট করেছিলেন। এ ছাড়া আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান টার্গেট করে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিলেন। সেদিন আওয়ামী লীগের ২২ জন নেতা–কর্মীসহ ২৪ জন মারা যান। তারেক রহমানের মদদেই সারা দেশে জঙ্গিবাদের উত্থান হয়।

তারেক রহমানের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিদেশের মাটিতে বসে আস্ফালন না করে, আপনার যদি সাহস থাকে তাহলে দেশে আসুন। আপনার সঙ্গে খেলতে চাই।

আপনি কত বড় খেলোয়াড় তা দেখতে চাই। তারেক রহমান দেশ ছেড়ে বিদেশের মাটিতে আয়েশি জীবন যাপন করছেন। এত টাকা আসে কোথা থেকে? এগুলো দেশের মানুষ জানে। দেশের টাকা লাগেজ ভর্তি করে বিদেশে পাচার করার ইতিহাস জাতি ভুলে যায়নি।

এখনো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন তিনি। কিন্তু ষড়যন্ত্র করে লাভ হবে না, দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে এবং আগামী দিনেও থাকবে।’ বিজ্ঞপ্তি