নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

‘তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনা জাতীয় জীবনে বড় ধরনের সন্ত্রাসী ঘটনা’ বলে উল্লেখ করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, সরকারের দুর্বলতার কারণেই দুর্বৃত্তরা এ ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। এই ঘটনা কারা ঘটিয়েছে, নিরপেক্ষ তদন্ত করে বের করা অত্যন্ত জরুরি।
গতকাল রোববার জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান পৃথক বিবৃতিতে এ দাবি করেন। মকবুল আহমাদ বলেন, সরকার নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কারণেই দুর্বৃত্তরা এ সাহস পেয়েছে।
পৃথক বিবৃতিতে শফিকুর রহমান বোমা হামলার ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরকে জড়ানোর প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘আমরা এ ধরনের সন্ত্রাসী, প্রাণঘাতী ও নোংরা কর্মকাণ্ডকে তীব্রভাবে ঘৃণা করি।’