
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় থাকা কুমিল্লা-৬ আসনের (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা) সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে নিয়ে কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সিইসি বলেছেন, ‘সংসদ সদস্য বাহাউদ্দিনের বিষয়টি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আপনারাও করেছেন। নির্বাচন (কুমিল্লা সিটি নির্বাচন) পরিসমাপ্ত হয়েছে, এখন ওই বিষয় নিয়ে কোনো মন্তব্য আমি করব না। আমার দৃষ্টিতে এটা পাস্ট অ্যান্ড ক্লোজড।’
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোট গ্রহণ শেষে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
সম্প্রতি ওই নির্বাচনের প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘন করায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য বাহাউদ্দিনকে চিঠি দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। তবে তিনি সেই নির্দেশ মানেননি। বরং বাহাউদ্দিন অভিযোগ তোলেন, সেই চিঠির ভাষা ঠিক ছিল না এবং তা (ইসির) এখতিয়ারবহির্ভূত।
সংসদ সদস্য বাহাউদ্দিনের এ ধরনের কথার যৌক্তিকতা আছে কি না, নাকি তিনি আইন লঙ্ঘন করেছেন—এ রকম এক প্রশ্ন সন্ধ্যায় করা হয় সিইসি কাজী হাবিবুল আউয়ালকে। জবাবে তিনি ওই মন্তব্য করেন।