বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা যুবদলের নেতা-কর্মীরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে স্লোগান দিয়ে মিছিল নিয়ে বের হন। এ সময় পুলিশ যুবদলের মিছিলে বাধা দেয়। মিছিলটি পুলিশের বাধা অগ্রাহ্য করে মুজিব সড়ক দিয়ে জনতা ব্যাংকের মোড়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশি বেষ্টনীর মধ্যেই সংক্ষিপ্ত আকারে বিক্ষোভ সমাবেশ করে যুবদল। এ সমাবেশে জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান ও সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া বক্তব্য দেন।