বাংলাদেশ উঁচু করে কথা বলতে শিখেছে: তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী পদক্ষেপে সব প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্বদরবারে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উঁচু করে কথা বলতে শিখেছে—এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ। এই দেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান।

আজ শনিবার সকালে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, মারুফা আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।