নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক বুধবার সকাল আটটার পরে ভোট দিয়েছেন
নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক বুধবার সকাল আটটার পরে ভোট দিয়েছেন

ভোট দিলেন আরফানুল

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক আজ বুধবার সকাল আটটার পরে ভোট দিয়েছেন।

সকাল ১০ টার দিকে আরফানুল হকের ভোট দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই তিনি ভোট দেন।

আরফানুল হক এবারই প্রথমবার এমন পদে নির্বাচনে অংশ নিয়েছেন। ১৯৮১ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের বহিঃক্রীড়া সম্পাদক পদে ছাত্রলীগ থেকে নির্বাচন করে জয়ী হন। তিনি শতবর্ষের ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে একাধিকবার জয়ী হন।

আরফানুল হক গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘প্রথমবার নির্বাচন করছি। জনগণ আমার পক্ষে রায় দেবেন। আমার কোনো স্পট নেই। রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবারের সন্তান হিসেবে কুমিল্লার নগরবাসী আমাকে ভোট দেবেন। মানুষ পরিবর্তন চান। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এবার নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার ২ জন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এতে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন।