সুনামগঞ্জের পাঁচটি আসন

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১, জমা দিয়েছেন একজন

সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ পর্যন্ত ২১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আশরাফ হোসেন (বিএনএফ) নামের এক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল আহাদ গতকাল শুক্রবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, গতকাল শুক্রবার পর্যন্ত সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ ও ধরমপাশা) বর্তমান সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন (আওয়ামী লীগ), মুফতি ফখর উদ্দিন (ইসলামী আন্দোলন)। সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে আবদুল হাই (ইসলামী আন্দোলন) ও গুলজার আহমদ (গণতন্ত্রী পার্টি) মনোনয়পত্র সংগ্রহ করেছেন।

সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) বর্তমান সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহম্মদ আবদুল মান্নান (আওয়ামী লীগ), সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরী (জমিয়তে উলামায়ে ইসলাম), মাহফুজুর রহমান (এলডিপি), কারী মুহিবুল হক (ইসলামী আন্দোলন) ও আবদুস ছত্তার (বিএনপি) মনোনয়নপত্র নিয়েছেন।

সুনামগঞ্জ-৪ আসনে (সদর-বিশ্বম্ভরপুর) মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন বর্তমান সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ (জাপা), সাবেক সাংসদ ফজলুল হক আছপিয়া (বিএনপি), দেওয়ান ইস্কান্দর রাজা চৌধুরী (জেএসডি), মো. কামরুজ্জামান (স্বতন্ত্র), মো. হারুনুর রশিদ (স্বতন্ত্র), তানভির আহমদ তাসলিম (ইসলামী আন্দোলন) ও মো. দেলোয়ার হোসেন (এনপিপি)।

সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) মিজানুর রহমান চৌধুরী (বিএনপি), আবদুল ওদুদ (ন্যাপ), আয়ুব করম আলী (স্বতন্ত্র), মো. আশরাফ হোসেন (বিএনএফ) ও রঞ্জিত কুমার দে (স্বতন্ত্র) মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে বিএনএফ প্রার্থী আশরাফ হোসেন মনোনয়নপত্র জমাও দিয়েছেন।