
যুবলীগের আসন্ন সম্মেলনের জন্য প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে করা হয়েছে সদস্যসচিব।
গণভবনে রোববার অনুষ্ঠিত যুবলীগের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্যসচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। যুবলীগের কার্যনির্বাহী কমিটির সবাইকে এই কমিটির সদস্য করা হয়েছে।
এ ছাড়া যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
আগামী ২৩ নভেম্বর যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হবে। এর আগ পর্যন্ত সম্মেলন প্রস্তুতি কমিটিই সংগঠনের সব কার্যক্রম পরিচালনা করবে।