
বিএনপির সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন বলেছেন, রক্ষীবাহিনী গঠন করার রাজনৈতিক মনোজগতের যে দুর্বলতা, উত্তরাধিকার সূত্রে বিএনপি সেই দুর্বলতাকে ধারণ করেছে। রক্ষীবাহিনী গঠন করার মনোজগৎ থেকে রাজনীতি বের করা যায়নি।
তারই ধারাবাহিকতায় বিএনপি র্যাব গঠনের ভুল সিদ্ধান্তের দিকে ধাবিত হয়েছে।
আজ বুধবার গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: বেহাল গণতন্ত্র, প্রশ্নবিদ্ধ আইনের শাসন’ শীর্ষক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার দায়ভার রাজনীতিবিদদেরই নিতে হবে। যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন ও আছেন, এ দায়ভার তাঁদের। রাজনীতির মধ্যে যে সমস্যা রয়েছে, তা রাজনীতির মাধ্যমেই সমাধান করতে হবে। তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যা একটি আন্তর্জাতিক সমস্যায় রূপ নিয়েছে। বাংলাদেশকে বিশ্বের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। সরকারের এই অপকীর্তির দায়ভার বহন করতে হচ্ছে পুরো রাষ্ট্র ও জনগণকে।
বর্তমান অবস্থা নিরসনে রাজনীতিবিদদের প্রতি কর্তৃত্ববাদী মনোজগৎ থেকে বের হওয়ার আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। এ জন্য গণতান্ত্রিক ব্যবস্থা চর্চার মাধ্যমে রাজনীতির মৌলিক সংস্কারের কথা বলেন তিনি। তিনি আরও বলেন, রাজনৈতিক সংস্কৃতিতেই সমস্যা। জবাবদিহির বিধান নিশ্চিত করে রাজনৈতিক ঐকমত্য তৈরি করতে হবে।