জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ আটটি পদে নির্বাচিত হয়েছে। বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল নির্বাচিত হয়েছে সহসভাপতি, কোষাধ্যক্ষসহ সাতটি পদে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে গতকাল শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যা সোয়া ছয়টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ কে এম আবুল কালাম।
আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক বশির আহমেদ। এই প্যানেল থেকে নির্বাহী সদস্যরা হলেন মো. শাহেদুর রশিদ, ফরিদ আহমেদ, আনোয়ার খসরু পারভেজ, মো. ওয়াহিদুজ্জামান, খালেদ হোসাইন ও শেখ মো. মনজুরুল হক।
বিএনপিপন্থী প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফিরোজা হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ মামুন হোসেন ও যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম। নির্বাহী সদস্যরা হলেন শামীমা সুলতানা, আবেদা সুলতানা, মাফরুহী সাত্তার ও মাহবুব কবির।