
প্রধানমন্ত্রীর ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তাঁর সঙ্গে সাফাদির কোনো সাক্ষাৎ হয়নি। সে মিথ্যা বলছে। বাংলাদেশ সময় গতকাল রোববার ভোরে জয় তাঁর ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘বিএনপি এমনই এক বোকার দল, এমনকি তারা যখন মিথ্যা বলে তখনো বোকামিপূর্ণ ভুল করে। আমি চাই বিএনপি এবং সাফাদি একটা প্রশ্নের জবাব দিক। ওয়াশিংটনের ঠিক কোথায় সে আমার সাক্ষাৎ পেয়েছে? কোন অনুষ্ঠানে? অন্য কার অফিসে? প্রথম বোকামিপূর্ণ ভুল তারা করেছে, কারণ, আমি গত ৩-৪ বছরে ওয়াশিংটনে কোনো অনুষ্ঠান বা কারও অফিসে যাইনি। যে মিটিংগুলো আমার হয়েছে সেগুলো সবই সরকারি কর্মকর্তাদের সঙ্গে এবং একান্ত ব্যক্তিগত। তাহলে, কোথায় তার সঙ্গে আমার সাক্ষাৎ হতে পারে? আমার সঙ্গে সাফাদির কোনো সময়ই সাক্ষাৎ হয়নি, এটা ওয়াশিংটনেও না বা অন্য কোনো জায়গায়ও না। সে মিথ্যা বলছে। সে যে বিএনপির জন্য মিথ্যা বলতে সম্মত হয়েছে, সেটা দিয়ে এও প্রমাণ হচ্ছে, সে বিএনপির সঙ্গে ষড়যন্ত্রে জড়িত। না হলে আর কী কারণে সে বিএনপির হয়ে মিথ্যা বলবে? এটাও খুবই লজ্জাজনক যে বিবিসি বাংলা আসলেই সেই ভুয়া ইন্টারভিউটি ঘটনার সত্যতা যাচাই ছাড়াই প্রচার করেছে।’
গত শুক্রবার বিবিসি বাংলার অনলাইন সংস্করণে বলা হয়, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে গত বছর মেন্দি এন সাফাদির সাক্ষাৎ হয়েছিল। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জয়ের কার্যালয়ে এই বৈঠক হয়।
বিবিসি বাংলার এ খবরের প্রতিবাদ করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে এ বিষয়ে বিবিসি বাংলার পক্ষ থেকে ব্যাখ্যায় বলা হয়, লন্ডন থেকে আমেরিকায় টেলিফোন করে মি. সাফাদির সঙ্গে কথা বলে খবরটি প্রচার করে তারা। তা ছাড়া খবরটি প্রচারের আগে এর সত্যতা যাচাই করার জন্য জয়ের টেলিফোন ও অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিবিসি বাংলার পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে।