আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে প্রভাব পড়ছে। সারা বিশ্বে তেল, জ্বালানিসহ সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড (বিচ্ছিন্ন) জায়গা নয়। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে।’
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তিনি এ এলাকায় আসেন।
সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয় গতকাল বৃহস্পতিবার। গতকাল বাণিজ্যসচিবের সঙ্গে মিলমালিকদের বৈঠকের পর বোতলজাত প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয় ১৯৮ টাকা। বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বাজারে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তেলের দাম নতুন করে নির্ধারণের কয়েক দিন আগে থেকেই দোকানগুলোতে সয়াবিন তেল প্রায় পাওয়াই যাচ্ছিল না। কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এসব তেল কিনতে বাধ্য হন ক্রেতারা। সয়াবিন তেল নিয়ে মানুষের ভোগান্তি চরমে ওঠে।
আজ ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষ কষ্ট পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। করোনা সংকটের সময়েও তাঁর (প্রধানমন্ত্রী) দূরদর্শিতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে। তিনি সব সমস্যা সমাধান করবেন।’
ঈদের দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে আনন্দের সঙ্গে ঈদুল ফিতর পালন সম্ভব নয়।
বিএনপি মহাসচিবের এই বক্তব্যের বিষয়ে আজ ওবায়দুল কাদের বলেন, আসল কথা হলো মানুষ যদি আনন্দ পায়, বিএনপির লোকদের গায়ে জ্বালা হয়, তাঁদের কষ্ট হয়। সরকারের ভালো কাজ তাঁদের সহ্য হয় না।
সেতুমন্ত্রী বলেন, ‘ঈদে মানুষের আনন্দ হাসিমুখ দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন পেয়েছি, ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। যে কারণে ঈদটা ভালোই কেটেছে। বাড়িতে অনেক দিন পরে গিয়েছি, মা-বাবার কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল।’
এবার ঈদযাত্রায় স্বস্তির কারণ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে সড়কের অবস্থা অনেক ভালো। দ্বিতীয়ত, যাঁরা হাইওয়ে পুলিশ আছেন, মালিকশ্রমিক, রোডস অ্যান্ড হাইওয়ে—সবাই সবার দায়িত্ব যথাযথ পালন করেছেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘উত্তরবঙ্গে রোডস অ্যান্ড হাইওয়ে নতুন প্ল্যান করে সেখানে ব্যবস্থা করেছে। তিনটা ফ্লাইওভার করা হয়েছে। নলকা ব্রিজটা অনেক বড় সমস্যা ছিল। এটা আমরা নতুন করে করেছি। এ কারণে এবার ঝুঁকিও কম ছিল।’
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এখানে ছয় লেনের রাস্তা হবে। ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আগামী বছরের জুনের মধ্যে কাজ শেষ করা হবে। তিনি বলেন, এ কাজ জনস্বার্থে। কাজেই সেনাবাহিনীসহ যাদেরই জায়গা আছে, তাদের সঙ্গে আলোচনা করা হবে।
এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পটির চুক্তিমূল্য ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা। আট কিলোমিটারের বেশি এর দূরত্ব। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে।