
নির্বাচন কর্মকর্তাকে পেটানোর নিষ্পত্তি হওয়া মামলার তথ্য সংশোধন করে দেওয়ার পর চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর মনোনয়ন বৈধ করা হয়। গত রোববার মনোনয়নপত্র যাচাই–বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন তাঁর মনোনয়নপত্র বৈধ করেন।
এর আগে যাচাই–বাছাইয়ের সময় মোস্তাফিজুর রহমানের তথ্য গোপনের বিষয়ে প্রশ্ন তোলেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী। তখন তাঁকে রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থী এ–সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছেন। তাই এটা নিয়ে আর আপত্তি না থাকায় প্রার্থিতার বৈধতা দেওয়া হয়।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন বলেন, সংশোধনী দেওয়ার পর তাঁর প্রার্থিতা বৈধ হয়।
মোস্তাফিজুর রহমান চৌধুরী ২০১৬ সালের ১ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে পিটিয়েছিলেন। ঘটনার পর জাহিদুল থানায় একটি মামলা করেন। পরে মামলাটিতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে আদালত থেকে তা খারিজ হয়ে যায়।
জাহিদুল ইসলাম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার এক মাসের মাথায় তিনি বাঁশখালী থেকে বদলি হয়ে যান।
চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মোস্তাফিজুর মনোনয়নপত্র জমা দেন। এর সঙ্গে দেওয়া হলফনামায় তিনি কোনো ধরনের মামলা নেই বলে উল্লেখ করেছিলেন।