পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন দীর্ঘ ১০ বছর পর কাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ সম্মেলন হয় ২০০৪ সালের ২৪ ডিসেম্বর। ওই সম্মেলনে হাবিবুর রহমান ঢালীকে সভাপতি ও আবদুল আজিজকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যের কমিটি গঠন করা হয়। আবদুল আজিজ জানান, কাল সকাল ১০টায় দশমিনা আবদুল রশিদ তালুকদার কলেজ মিলনায়তনে এ সম্মেলন হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী আবুল কালামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুহম্মদ শাহজাহান মিয়া।