বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী দিনে আন্দোলন ছাড়া উপায় নেই। নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনে নামতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলকে সুসংগঠিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালপুর রেলস্টেশনে এক সংক্ষিপ্ত অভ্যর্থনা অনুষ্ঠানে নজরুল ইসলাম খান দলের নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন। তিনি ঢাকা থেকে আন্তনগর তিস্তা ট্রেনে জামালপুরের ইসলামপুরে যাচ্ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী এবং যুবদল, ছাত্রদলসহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নজরুল ইসলাম খানকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।