বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে
বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে

অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন

দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, জনগণের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ কথাগুলো বলেন।

মাহদী আমিন বলেন, পরাজয়ের শঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ও সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে। এসব ঘটনা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখার আহ্বান জানান মাহদী আমিন। তিনি বলেন, প্রতিপক্ষের অপপ্রয়াস সফল হবে না। তার প্রমাণ হিসেবে দেশজুড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করছেন।

নোয়াখালীর হাতিয়া, কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশব্যাপী বেশ কিছু জায়গায় কিছু অসংগতি, কারচুপি ও সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। এ প্রসঙ্গে তিনি বলেন, হাতিয়ায় ইতিমধ্যে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এসেছে। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করেছেন তাঁরা। সেখানে অনেক ধরনের সহিংসতা করছে প্রতিপক্ষ রাজনৈতিক দল।

সবার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান মাহদী আমিন। ভোট প্রদানের প্রক্রিয়াকে দ্রুত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।