
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার ধ্বংস করেছে, মানবাধিকার হরণ করেছে এবং কথা বলার অধিকার রুদ্ধ করেছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জোনায়েদ সাকি এসব কথা বলেন। আজ সোমবার নিজস্ব কার্যালয়ে মাওলানা ভাসানীর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে গণসংহতি আন্দোলন।
এ সময় জোনায়েদ সাকি বলেন, এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন করে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।
দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃশাসন কায়েম করেছেন অভিযোগ করে জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী রাজনীতিকে জনগণের বিরুদ্ধে পরিচালিত করে একটা খেলো বিষয়ে পরিণত করেছেন। এ থেকে পরিত্রাণ পেতে হলে মাওলানা ভাসানীর রাজনৈতিক শিক্ষাকে কাজে লাগাতে হবে।
এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দীপক রায় প্রমুখ।