
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যখন মানুষ হিমশিম খাচ্ছে, বাজারে গিয়ে আলু-চাল কিনতে পারছে না, তখন জ্বালানি তেলের দাম আরও বাড়িয়ে দেওয়া অমানবিক ও নিষ্ঠুরতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান সরকার জেনেশুনে দেশকে ধ্বংস করছে।
আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, একটি সরকারের যখন কোনো জবাবদিহি থাকে না, জনগণের সামনে দাঁড়াতে হয় না, তখন মানুষের কী হলো না হলো, মানুষ মরল কি বাঁচল—এটা তাদের কাছে বড় বিষয় হয়ে দাঁড়ায় না।
মির্জা ফখরুল বলেন, সারের দাম কয়েক দিনে সরকার ৪৫ শতাংশ বাড়িয়েছে। ১ হাজার ৩০০ টাকায় এক বস্তা ধান উৎপাদন করলে সেটার মূল্যই পাবে না কৃষক। অন্যদিকে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে করে কৃষি থেকে মানুষ সরে যাবে। সরে যাচ্ছেও অনেকে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে লোকসানের হাত থেকে বাঁচাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সরকার। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও পেট্রোলিয়াম করপোরেশন দাম না কমিয়ে পাঁচ বছর ধরে লাভ করেছে। এতে তাদের লাভ ছিল প্রায় ৫০ হাজার কোটি টাকা। সেই মুনাফা তারা কী করেছে?
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর প্রতিটি জিনিসের দাম বাড়বে বলে মনে করেন অর্থনীতির শিক্ষক মির্জা ফখরুল। তিনি বলেন, এসব সমস্যা সমাধানে জনগণের ভোটাধিকার ও সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিচারহীনতার রাজনীতির বিরুদ্ধে মানুষকে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও বাক্স্বাধীনতা নেই। অর্থনৈতিক মুক্তি নেই। দেশ একটি সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। অর্থনৈতিক মুক্তির জন্য তাঁরা ভবিষ্যতে রাস্তায় থাকবেন।
ড্যাবের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মেহেদী হাসান ও যুগ্ম মহাসচিব আবু কেনান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় ড্যাবের মহাসচিব মো. আবদুস সালাম, জ্যেষ্ঠ সহসভাপতি এম এ সেলিম প্রমুখ বক্তব্য দেন।