১৪ দলের সমাবেশ

যাঁরা ভাবছেন নির্বাচন বানচাল করে দেবেন, তাঁরা ভুল পথে হাঁটছেন

১৪ দল আয়োজিত শান্তি সমাবেশের মঞ্চে জোটের নেতারা। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ৭ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ

আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। যাঁরা শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করছেন, তাঁরা ভুল করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে হয়তো সুরাহা হবে। চাপ প্রয়োগ করলে শেখ হাসিনা তা মোকাবিলা করবেন। যাঁরা ভাবছেন আগামী নির্বাচন বানচাল করে দেবেন, তাঁরা ভুল পথে হাঁটছেন।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার বিকেলে আয়োজিত শান্তি সমাবেশে ১৪–দলীয় জোটের নেতারা এসব কথা বলেন। গণতন্ত্র, উন্নয়ন ও সাংবিধানিক শাসন বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত অপশক্তির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতি এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, কোনো ষড়যন্ত্রই এ দেশের মাটিতে টিকবে না। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে গণতন্ত্রের ধারা, মুক্তিযুদ্ধের ধারা অব্যাহত আছে এবং আগামী দিনেও থাকবে। কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে রাষ্ট্রের অগ্রযাত্রার ধারা ব্যাহত হতে দেওয়া হবে না। তিনি বলেন, খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। অবাধ স্বাধীনতা। এমন স্বাধীনতা যে তাঁর দলের নেতারা, যাঁরা আন্দোলন করছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাঁদের নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন, তাঁর (খালেদা জিয়া) নির্দেশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, শেখ হাসিনা বাধা দিচ্ছেন না। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আর কী চান আপনারা? আর কী গণতন্ত্র চান? এর চেয়ে বড় গণতন্ত্র, বড় সুবিধা কোন সরকার দিয়েছে?’

১৪–দলীয় জোটের অন্যতম শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, আজ যেসব বন্ধু শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করছেন, যেসব বন্ধু চাপ প্রয়োগের মাধ্যমে দেশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে চাচ্ছেন, তাঁরা ভুল করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে হয়তো সুরাহা হবে। কিন্তু প্রধানমন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করলে, মোকাবিলা করবেন। কিন্তু যাঁরা ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের সঙ্গে আঁতাত করছেন, তাঁদের ষড়যন্ত্র বাংলার মাটিতে সফল হবে না। তিনি বলেন, জামায়াত-বিএনপির চক্রান্ত বা বিদেশিদের চাপ—কোনোটাই শেখ হাসিনাকে কাবু করতে পারবে না। কারণ, এ দেশের জনগণ তাঁর সঙ্গে আছে।

১৪ দল আয়োজিত শান্তি সমাবেশে যোগ দেওয়া নেতা–কর্মীদের একাংশ। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ৭ আগস্ট

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘যাঁরা নির্বাচন বানচাল করার জন্য গোলমাল বাধানোর চেষ্টা করছেন, আপনাদের স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না। দেশে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচন হবে। নির্বাচন যদি কেউ বানচাল করতে আসেন, যদি কোনো রকম গন্ডগোল করেন, আগুন–সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন বন্ধ করতে চান, কেউ আপনাদের রক্ষা করতে পারবে না—বিদেশি শক্তি হোক আর দেশি প্রভু হোক।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, ঐক্যবদ্ধ হয়ে বিরোধী দলকে মাঠে মোকাবিলা করা হবে, পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘আগামী নির্বাচন সময়মতো করতে হবে শেখ হাসিনার নেতৃত্বে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। এর বাইরে কোনো কথা আমাদের নেই।’

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি আজ ঐক্যবদ্ধ হয়েছে। যাঁরা ভাবছেন আগামী নির্বাচন বানচাল করে দেবেন, তাঁরা ভুল পথে হাঁটছেন। আগামী নির্বাচনও শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, তরীকত ফেডারেশনের সহসভাপতি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।