
বিএনপি ক্ষমতায় এলে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) চাকরি যাবে, এমন কথা দলের কেউ বলেননি বলে জানিয়েছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ডিসি-এসপি—কারও চাকরি থাকবে না। এই কথা এই সরকার বলছে। আমরা কিন্তু বলছি না। ওরা (আওয়ামী লীগ) এসব বলে। এই কথা বলে তারা (ডিসি ও এসপিদের) ভয় দেখায়।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। সরকার পতনের এক দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
সমাবেশে মির্জা আব্বাস আরও বলেন, যদি কোনো সরকারি কর্মকর্তা অপরাধ করেন, দেশের আইন অনুযায়ী তাঁর বিচার হবে। কিন্তু বিএনপি কারও চাকরি খাওয়ার জন্য, কাউকে হত্যা করার জন্য রাজনীতি করে না।
মির্জা আব্বাস এ-ও বলেন, সব ডিসি-এসপি খারাপ নন। শুধু খারাপগুলোকেই ধরা হবে আইন অনুযায়ী। যাঁরা অন্যায় করেন, অপরাধ করেন, সব সময় তাঁরা ভীত থাকেন বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে গত ১৫ বছরে যাঁদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সেই হত্যাকারীদের বিচার করা হবে বলেও জানান তিনি।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, চিনি, চাল, ডাল—কিসের দাম বাড়েনি? একটা জিনিসের দাম কমে গেছে। মানুষের জীবনের দাম কমে গেছে। ডেঙ্গুতে লোক মারা যাচ্ছেন, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। কিছুদিন আগে করোনায় লোক মারা গেলেন। সেখানেও তাদের ব্যবসা। তারা ব্যবসা করল। এ সরকারের দেশের মানুষের প্রতি কোনো মায়ামমতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, বর্তমানে যে সংসদ রয়েছে, এটা ভুয়া সংসদ। এই সংসদ ভেঙে দিতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, স্বেচ্চাসেবকবিষয়ক সম্পাদক সরাফত আলী, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।