
ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলা এবং এলাকাগুলো ‘জনমানবশূন্য করার পরিকল্পনার’ প্রতিবাদে বাংলাদেশ যুব ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়।
যুব ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র প্রদান ও মধ্যপ্রাচ্যে রণতরীসহ যুদ্ধজাহাজ পাঠানোসহ সব সহায়তা বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান যুব ইউনিয়নের নেতারা।
যুব ইউনিয়নের নেতাদের বক্তব্যের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখণ্ড ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়া ছাড়া এই সংকটের সমাধান নেই।
সমাবেশে সভাপতিত্ব করেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। তিনি বলেন, ‘৫০ বছরে গাজায় লক্ষাধিক ফিলিস্তিনিকে এমনভাবে বন্দী করে রাখা হয়েছে, যাকে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার বলা যায়। মার্কিন মদদের ফলে মানবতার ফেরিওয়ালারা সাম্রাজ্যবাদের যে আগ্রাসন চালাচ্ছে, সেখানে মানবতা ভূলুণ্ঠিত হয়েছে।’
সমাবেশে আরও বক্তব্য দেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসিডিয়াম সদস্য চৌধুরী জোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বি খান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক অনিন্দ্য দ্বীপ। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ম. ইব্রাহীম।