আমিও সেই সুযোগ নিতে চাই: সৈয়দ ইবরাহিম

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলটি হঠাৎ করেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। কল্যাণ পার্টির সঙ্গে সরকারের সঙ্গে সমঝোতা ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগসহ নানা আলোচনা চলছে রাজনীতিতে। এসব বিষয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সামছুর রহমান।

প্রশ্ন

সরকারবিরোধী আন্দোলন থেকে এক লাফে ভোটে গেলেন। এটা কি হঠাৎ সিদ্ধান্ত নাকি আগে থেকেই প্রক্রিয়া চলছিল?

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম: ২০২২ সালের ৯ ডিসেম্বর প্রথম ধাক্কা খাই। ১ মিনিটের নোটিশে ২০–দলীয় জোট ভেঙে দেওয়া হয়। আমি ও আমার পার্টি হতভম্ব হয়ে যাই। আমরা কোন দিকে যাব, কী করব—নানা ভাবনা কাজ করছিল। এর মধ্যে গত বছরের ১০ ডিসেম্বরের সমাবেশকে ঘিরে বিশাল কর্মযজ্ঞ হলো, কিন্তু ফলাফল অতি ক্ষুদ্র। এরপরও আন্দোলন চলছিল। এ বছরের ২৮ ও ২৯ জুলাইয়ে বিশাল কর্মযজ্ঞ হলো, কিন্তু ফলাফল আংশিক ও ছোট। সবশেষ গত ২৮ অক্টোবরের বিশাল সমাবেশের ফলাফলও আংশিক এবং ছোট। মনের মধ্যে দানা বাঁধছিল, এই আন্দোলন আমাদের কোন দিকে নিয়ে যাবে। নির্বাচনমুখী দল হিসেবে আমরা চিন্তা করছিলাম, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে গেলে সর্বোত্তম হতো। কিন্তু সেটার অনুপস্থিতিতে বিদ্যমান অবস্থায় নির্বাচনে যাওয়া যায় কি না এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্ট সরকারের আস্থার ওপর ভরসা করে আন্দোলনের অংশ হিসেবে যেভাবে নির্বাচনে গিয়েছিল, আমরা সেভাবে যেতে পারি কি না? দলীয় ফোরামে বিষয়টি মূল্যায়ন করলাম। দলীয় সিদ্ধান্ত হলো, নির্বাচনে যাওয়া উচিত।

প্রশ্ন

যারা নির্বাচনে যাচ্ছে, তাদের কারও কারও ক্ষেত্রে সরকারের দিক থেকে ভয়, চাপ বা প্রলোভন দেখানো হয়েছে—এমন আলোচনা রয়েছে। আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য।

ইবরাহিম: কোনো প্রলোভন, লোভ-লালসা আমার সিদ্ধান্তে প্রভাব ফেলেনি। ২০১৪ সালে দাওয়াত গ্রহণ করে নির্বাচনে যেতে পারতাম, যাইনি। ২০১৮ সালে ২০–দলীয় জোট ত্যাগ করে সরকারি জোটে যেতে পারতাম, যাইনি। এবারও নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছি।

প্রশ্ন

আপনার নির্বাচনী এলাকা হাটহাজারী। আপনি প্রার্থী হয়েছেন কক্সবাজার থেকে। সরকারের সঙ্গে সমঝোতা হওয়াতেই কি সেখানে প্রার্থী হলেন?

ইবরাহিম: আমার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী। সেখানে আওয়ামী লীগের প্রার্থী এম এ সালাম অনেক পুরোনো রাজনীতিবিদ, আর জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ গত তিনবারের এমপি। আমি ২০১৮ সালে সেখানে নির্বাচন করেছি, কিন্তু অভিজ্ঞতা সুখকর নয়। এই পরিস্থিতিতে হাটহাজারীতে যাব কি যাব না, এই ভাবনায় সেখান থেকেও মনোনয়নপত্র নিয়েছি। অন্যদিকে আমার দলের মহাসচিবের বাড়ি চকরিয়া। দল সেখানে নির্বাচন করার সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছিল। তাই আমার জন্য দ্বিতীয় সুযোগ ছিল চকরিয়ায় প্রার্থী হওয়ার। আমি সেটাই নিয়েছি। সাংগঠনিকভাবে পরিচিত জায়গা, তাই কক্সবাজার থেকে নির্বাচন করব। সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না।

প্রশ্ন

অনেকে বলছেন, নির্বাচনে যাওয়ার জন্য আপনাকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে।

ইবরাহিম: বাংলাদেশে গুজব ও অনুমাননির্ভর তথ্য ছড়ানো সহজ। টাকা লেনদেনের বড় গুজব ছড়িয়েছে। ৭৫ কোটি, ৪৫ কোটি, ২৫ কোটি, ১০ কোটি। কোটি টাকা যেন গাছের পাতা, টান দিলেই পাওয়া যায়। জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। ১৬ বছর এক প্ল্যাটফর্মে ছিলাম, এখন ভিন্ন প্ল্যাটফর্মে চেষ্টা করব। কোথাও লিখিত চুক্তি করি নাই যে প্ল্যাটফর্ম বদল করতে পারব না।

প্রশ্ন

একসময় বলেছিলেন, এই সরকারের অধীনে নির্বাচনে গেলে তা হবে রাজনৈতিক আত্মহত্যার শামিল। হঠাৎ কোন কারণে ভাবনা বদলালেন?

ইবরাহিম: তখন যে চিন্তা থেকে মূল্যায়ন করেছিলাম, তার আংশিক পরিবর্তন করলাম। যখন দেখলাম, নির্বাচন বর্জন করলে নির্বাচন ও সংসদ বন্ধ থাকবে না। কেন আনুষ্ঠানিক সুযোগ নেব না? যে কথা বিভিন্ন টকশো, বিজয়নগর পানির ট্যাংকের নিচে যা বলে এসেছি, তা সংসদে দাঁড়িয়ে বলতে চাই। বিএনপির সাতজন সংসদ সদস্য পাঁচ বছরের মধ্যে চার বছর সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন। আমিও সেই সুযোগ নিতে চাই। বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে দাঁড়িয়ে সপ্তাহে চার দিন পাঁচ মিনিট করে বলা আর সংসদে দাঁড়িয়ে বলায় আকাশ-পাতাল পার্থক্য আছে।

প্রশ্ন

তিন দল মিলে নতুন জোট করে ১০০ আসনে প্রার্থী দেবেন বলেছিলেন। ৩৫ আসনে প্রার্থী দিতে পেরেছেন। প্রস্তুতির ঘাটতি নাকি সামর্থ্যের অভাবে?

ইবরাহিম: এখানে তিনটি বিষয় প্রযোজ্য। আংশিক প্রস্তুতির অভাব, আংশিক সামর্থ্যের অভাব। তৃতীয়ত জোটের (কল্যাণ পার্টির নেতৃত্বে গঠিত নতুন জোট যুক্তফ্রন্ট) নেতারা নিজ নিজ আসন মূল্যায়ন করে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা পরিশ্রম করবেন নাকি করবেন না।

প্রশ্ন

সব ধরনের সমালোচনা গ্রহণ করবেন বলেছেন। মীর জাফর, বেইমান বলা হবে—সেটাও বলেছেন। বর্তমান সমালোচনাকে কীভাবে নিচ্ছেন?

ইবরাহিম: যাঁরা সমালোচনা করছেন, এটাকে তাঁদের মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে দেখছি, তাঁদের ধন্যবাদ জানাই। তবে ভাষা প্রয়োগে শালীনতার অভাব, এটির প্রতিবাদ জানাই। রাজনীতিতে সহনশীলতার প্রয়োজন। ১৬ বছর যাদের সঙ্গে ছিলাম, সেটা তো চুক্তি না, এটা রাজনীতির নিজস্ব সিদ্ধান্ত। সব কর্মকাণ্ডে আন্তরিকভাবে অংশ নিয়েছি, সেখান থেকে অবস্থান বদল করায় সব নেতিবাচক শব্দ ব্যবহার হয়েছে। এটা সুন্দর নয়।