
এবারের ডাকসু নির্বাচনে ছোটখাটো অব্যবস্থাপনা ছিল। কিন্তু বড় ধরনের কোনো অসংগতি ছিল না বলে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষণে উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষণ তুলে ধরেন অধ্যাপক গীতি আরা নাসরীন।
গীতি আরা নাসরীন বলেন, ‘অভূতপূর্ব একটি নির্বাচন হয়েছে এই অর্থে যে দীর্ঘদিন আমরা অংশগ্রহণমূলক নির্বাচন দেখিনি। সবকিছু মিলিয়ে আমাদের যেটা মনে হয়েছে যে আমরা এই যে ছোটখাটো যা দেখেছি, অসংগতি বা ব্যবস্থাপনার যে ভুলগুলো, এর বাদে আমরা মনে করিনি যে বড় কোনো ধরনের অসংগতি ছিল এবং নির্বাচন গ্রহণযোগ্য না, এটা আমাদের মনে হয়নি।’
নির্বাচন আরও স্বচ্ছ করার কথা জানিয়ে গীতি আরা নাসরীন বলেন, ভবিষ্যতে নির্বাচনকে ঘিরে ছুটির ক্ষেত্রে নির্দেশনাগুলো যেন আরও আগে থেকে নেওয়া যায়। যাতে করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আরও বাড়বে এবং নির্বাচন সত্যিকার অর্থে স্বচ্ছ হবে।
অধ্যাপক সামিনা লুৎফা বলেন, নির্বাচনে অব্যবস্থাপনা রয়ে গেছে। প্রচুর তথ্যের গ্যাপ রয়ে গেছে। সব প্যানেল, প্রার্থীর পোলিং এজেন্ট যথেষ্ট পরিমাণ নিয়োগ দেওয়া হয়নি। যাঁরা পাস পেয়েছেন, সেগুলোও সব পক্ষের কাছে ঠিক সময়ে পৌঁছায়নি।
সামিনা লুৎফা বলেন, পোলিং এজেন্টের আবেদনের তুলনায় অনেক কম পাস অনুমোদন দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী ভোটারদের যেভাবে সহায়তা করার কথা, সেটির ঘাটতি দেখা গেছে। অনেক ক্ষেত্রে হয়তোবা বাধাও দেওয়া হয়েছে।
টিক দেওয়া ব্যালটের বিষয়ে সামিনা লুৎফা বলেন, ‘দুটি হলের কেন্দ্রে টিক দেওয়া ব্যালট পাওয়া গিয়েছে। আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে, ভোটকেন্দ্রগুলোতে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁরা সবাই সমভাবে দায়িত্ব পালন করেননি। পোলিং কর্মকর্তা নিয়োগপ্রক্রিয়া অস্বচ্ছ ছিল। এই অসচ্ছতা ভোট গ্রহণে প্রভাব পড়তে পারে বলে মনে করছি।’
দুটি কেন্দ্রে ভোট গ্রহণে ধীরগতি ছিল উল্লেখ করে অধ্যাপক সামিনা লুৎফা বলেন, জগন্নাথ হল ও টিএসসির ভোটকেন্দ্রে বারবার ধীরগতি করা হয়েছে। টিএসসি কেন্দ্রে একজন সহকারী প্রক্টরের সঙ্গে বাগ্বিতণ্ডার পরে ভোট গ্রহণ কমে গেছে।
আটটি কেন্দ্রে সব নিয়ম সমভাবে মানা হয়নি। কোন নিয়মের কী অর্থ, সেটি একেক কেন্দ্রে একেকভাবে ব্যাখ্যা করা হয়েছে। যদিও নিয়মে বলা হয়েছে, প্রার্থী ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন, কিন্তু অনেক কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। ভোটাররা স্লিপ, চিরকুট নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন কি না, তা নিয়ে পরিষ্কার নির্দেশনা না থাকার কারণে নানা রকম সমস্যার সুযোগ তৈরি হয়েছিল।
পুরো নির্বাচনী ব্যবস্থায় পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হয়নি। ৭৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিতে চলে এসেছেন, সেটি বোধ হয় কেউ কল্পনা করেননি। যার কারণে বিশাল ক্রাউড (জটলা) নিয়ন্ত্রণ করার বিশাল চাপ তৈরি হয়েছিল। ভোট গ্রহণের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি।
এসব বিষয় আমলে নিয়ে মনে হয়েছে যেসব অব্যবস্থাপনা ছিল, সেগুলো না থাকলে নির্বাচনে আরও আস্থা আনা যেত। বিপুলসংখ্যক শিক্ষার্থী ভোট দিতে আশায় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে।
উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা খানম, অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মারজিয়া রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।