আলেম-উলামা-ইমাম ও খতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ৫ মার্চ ২০২৬
আলেম-উলামা-ইমাম ও খতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ৫ মার্চ ২০২৬

জামায়াতের সেক্রেটারি জেনারেল

আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভোটকে অবৈধ ঘোষণার চেষ্টা করছে সরকারি দল

আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকারি দল জুলাই সনদ ও গণভোটকে অবৈধ ঘোষণার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতীত সরকারের পথে হাঁটতে চাইলে দায়ভার বিএনপিকেই নিতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উলামা বিভাগের উদ্যোগে আলেম-উলামা ও ইমাম–খতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে গোলাম পরওয়ার এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, তরুণ প্রজন্ম সজাগ রয়েছে; জুলাই বিনষ্টের চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য ধীরে ধীরে উন্মোচন হচ্ছে। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যই প্রমাণিত হয়, দেশি–বিদেশি শক্তির মাধ্যমে নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে কারা কারা জড়িত, জাতির সামনে তা তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আলেম সমাজকে এগিয়ে আসতে হবে।