রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগ করেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। ২৮ জানুয়ারি
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগ করেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। ২৮ জানুয়ারি

ঢাকা–৯

নির্বাচিত হলে অন্য প্রার্থীদের নিয়ে এলাকার জন্য কাজ করব: বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ

নির্বাচনে জয়ী হলে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের উন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা–৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ। তিনি বলেন, ‘আমি যদি বিজয়ী হই, আমি তো সবার আগে বাকি যাঁরা প্রার্থী ছিলেন, তাঁদের কাছে যাব। বলব, আপনারা এলাকা নিয়ে যে ভেবেছেন, চলেন, আমরা সবাই মিলে এলাকাকে গড়ে তুলি।’

আজ বুধবার রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় সাংবাদিকদের এ কথা বলেন হাবিবুর রশিদ।

নিজেকে তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা একজন কর্মী উল্লেখ করে হাবিবুর রশিদ জানান, জন্মের পর থেকেই এই এলাকার মানুষের সঙ্গে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। দীর্ঘ ৩৮ বছরের রাজনৈতিক জীবনে তিনি যদি মানুষের পাশে থেকে থাকেন, এমন বিশ্বাস থাকলে ভোটারদের তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আর যদি কেউ মনে করেন, তিনি মানুষের সঙ্গে ভালো ছিলেন না, তাহলে ভোট না দেওয়ার কথাও বলেন।

এলাকার সমস্যা তুলে ধরে হাবিবুর রশিদ বলেন, মুগদা হাসপাতাল ছাড়া এই এলাকায় বড় কোনো হাসপাতাল নেই, অথচ আরও হাসপাতালের প্রয়োজন রয়েছে। খেলাধুলার মাঠের সংকট আছে, অনেক এলাকায় রাস্তাঘাট সংস্কার দরকার এবং জলাবদ্ধতার সমস্যা প্রকট। এসব সমস্যার সমাধানে তিনি কাজ করতে চান বলে জানান। একই সঙ্গে সমাজকে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করে একটি নিরাপদ ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থী।

হাবিবুর রশিদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে আগামী প্রজন্মের উপযোগী একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। এই পরিকল্পনায় তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।