
নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে জোটের নেতারা বলেন, প্রায় সব বিরোধী দল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। কিন্তু সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত না করে এ আন্দোলন নির্মমভাবে দমন করছে।
বাম জোটের নেতারা বলেন, বর্তমান সরকার শুধু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েই ক্ষান্ত হয়নি, আওয়ামী লীগের তথাকথিত ‘শান্তি সমাবেশে’ দলটির নেতারা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে, দেশকে তাঁরা একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাইছেন।
অবিলম্বে বর্তমান জাতীয় সংসদ ভেঙে দেওয়া এবং সরকারকে পদত্যাগ করার দাবি জানিয়ে জোটের নেতারা বলেন, সরকার আজ দেশের যে পরিস্থিতি তৈরি করেছে, নির্দলীয় ও নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে নির্বাচন আয়োজন করা ছাড়া দ্বিতীয় আর কোনো সমাধান নেই।
সমাবেশ থেকে জোট নেতারা আরও বলেন, বিদ্যুৎকেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল নেই। কারণ, ডলার নেই। সীমাহীন দুর্নীতি-লুটপাট, মেগা প্রকল্পে মেগা লুটপাট ও অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, অর্থ পাচার, ব্যাংক লোপাটের কারণে দেশের অর্থনীতি আজ দুর্দশাগ্রস্ত। এ পরিস্থিতির জন্য দায়ী সরকারের আমদানিনির্ভর জ্বালানিনীতি, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি-লুটপাট।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। এ ছাড়া সমাবেশ সঞ্চালনা করেন বাসদের (মার্ক্সবাদী) নির্বাহী সমন্বয়ক জয়দীপ ভট্টাচার্য।