
বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা ১২–দলীয় জোট অভিযোগ করেছে, এই জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে পুলিশ আটক করেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে থেকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে তুলে নিয়ে যান বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিকেলে ‘আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও এক দফা দাবি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ১২–দলীয় জোট। এই সভা সঞ্চালনার কথা ছিল এহসানুল হুদার। আলোচনা সভা শুরুর আগেই তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। তবে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শেষ হয় সাড়ে পাঁচটায়। বাংলাদেশ এলডিপির তমিজউদ্দিন সভা সঞ্চালনা করেন।
১২–দলীয় জোটের নেতারা সৈয়দ এহসানুল হুদাকে আটক করার ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁকে জনসমক্ষে হাজির করার আহ্বান জানিয়েছেন।