এবি পার্টির আলোচনা সভায় বক্তৃতা রাখছেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। জাতীয় প্রেসক্লাব, ১৯ নভেম্বর
এবি পার্টির আলোচনা সভায় বক্তৃতা রাখছেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। জাতীয় প্রেসক্লাব, ১৯ নভেম্বর

এবি পার্টির আলোচনা সভা

পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক সমস্যা নয়। এর সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, ভূরাজনীতি ও জাতীয় ঐক্যের প্রশ্ন গভীরভাবে জড়িত। দীর্ঘদিনের ভূমি বিরোধ, রাজনৈতিক অবহেলা, শান্তিচুক্তির সীমাবদ্ধতা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক স্বার্থের কারণে পাহাড়ের সংকট ক্রমেই জটিল হচ্ছে। এ সংকটের সমাধানে সামরিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করা প্রয়োজন।

এসব কথা উঠে এসেছে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক এক আলোচনা সভায়। সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (এফএসডিএস) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলেই কিংবা ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির অবনতি ঘটে। বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। বাংলাদেশের স্বার্থে আঘাত এলে রাষ্ট্রকেও দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।

ফজলে এলাহী আকবর বলেন, রাজনৈতিক দলগুলো পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ দেখাতে পারেনি। শুধু বক্তব্য কিংবা আনুষ্ঠানিক কর্মসূচি দিয়ে এ সংকটের সমাধান হবে না। পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের কার্যকর উপস্থিতি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সেখানকার জনগণের আস্থা অর্জন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম, তৈরি পোশাক খাত কিংবা দেশের অন্যান্য স্থানে সৃষ্ট অস্থিরতাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। পাহাড় থেকে গার্মেন্ট, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়। এসব ঘটনার পেছনে একই ধরনের রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে। তিনি আরও বলেন, এসব অস্থিরতার সঙ্গে দিল্লির স্বার্থ ও প্রভাবের প্রশ্নও খতিয়ে দেখা প্রয়োজন। আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল। জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকট এক দিনে তৈরি হয়নি। ভূমি বিরোধ এ সংকটের অন্যতম প্রধান উৎস। এর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক স্বার্থও যুক্ত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্তি ভারত ঐতিহাসিকভাবে সহজভাবে গ্রহণ করেনি, বিষয়টিও আলোচনায় রাখা প্রয়োজন।

সাংবাদিক ও লেখক আবু রুশদ বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকট সামরিক সমস্যা নয়, এটি মূলত রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক ও সামরিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এর সমাধান করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) ডেল এইচ খান, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার প্রমুখ।