কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানা ভাঙচুর করে আগুন দেওয়া হয়। শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে
কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানা ভাঙচুর করে আগুন দেওয়া হয়। শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে

মাজারে হামলা করে জ্বালাও-পোড়াও ও পীর দাবিকারী ব্যক্তিকে হত্যার ঘটনায় এবি পার্টির নিন্দা

কুষ্টিয়ার দৌলতপুরে পীরের আস্তানায় হামলা চালিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।

পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে পীর দাবিকারী ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা এবং তাঁর দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি পার্টি)।

এক যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, কোনো অভিযোগ বা মতভিন্নতার জবাব কখনোই দলবদ্ধ সন্ত্রাস, সহিংসতা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার মাধ্যমে হতে পারে না। এ ধরনের বর্বরতা শুধু মানবিক মূল্যবোধকে ধ্বংস করে না বরং রাষ্ট্রের আইনের শাসন ও বিচারব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করে। ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে সাধারণ মানুষকে সংঘবদ্ধ সহিংসতার দিকে ঠেলে দেওয়া একটি গভীর উদ্বেগজনক প্রবণতা, যা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিওর ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়া একটি গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধ দমনে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট হয়ে উঠছে বলে অভিযোগ করেছে দলটি।

দলবদ্ধ সন্ত্রাস প্রতিরোধে সরকারের কঠোর ও কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি উল্লেখ করে দলটি বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জন্য জবাবদিহি করতে হবে। তাঁকে তাঁর মূল দায়িত্ব, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সক্রিয়ভাবে মনোনিবেশ করতে হবে।

দলবদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে এগিয়ে আসতে সব রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সচেতন নাগরিকদের প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়।