বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ফাইল ছবি: তথ্য মন্ত্রণালয়

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমরা মনে করি, বিএনপি দেশে একটি গন্ডগোল পাকাতে চায়, বিশৃঙ্খলা তৈরি করতে চায়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই তাদের দাবি এবং আন্দোলনের উদ্দেশ্য, তাই এ নিয়ে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নাই।’

আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। সংবিধানে নির্বাচনকালীন সরকার গঠন করার কোনো বাধ্যবাধকতা নেই। সে সময় সরকারের আকার ছোট হবে, না বর্তমানে যাঁরা মন্ত্রিসভায় আছেন, তাঁরা সবাই থাকবেন কিংবা আমাদের শরিকদের মধ্য থেকে কাউকে নেওয়া হবে, সেগুলো প্রধানমন্ত্রী দেখবেন। তিনিই সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিএনপি যদি সংসদে থাকত, হয়তোবা সে ক্ষেত্রে তাদেরও সুযোগ থাকত।’

‘সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় কাজে ব্যবহার করছে’ বিএনপির নেতা রুহুল কবির রিজভীর এমন মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, শুধু সন্ত্রাসী অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। রাজনৈতিক উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহৃত হচ্ছে না।’

‘রেজা-নুর বাহাস রাজনীতির কৌতুক’
গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং সদস্যসচিব নুরুল হক নুরের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন এবং মামলা করা বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে রেজা কিবরিয়া এবং নুরুল হক নুর কিছু কৌতুকের জন্ম দিয়েছেন। তাঁদের কোনো জনভিত্তি নাই, তাঁরা শুধু টেলিভিশনে আর নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতেই ব্যস্ত। জনগণের সাথে তাঁদের কোনো সংস্রব নাই।’

রেজা কিবরিয়ার বক্তব্য ‘আওয়ামী লীগের সাথে নুরের আঁতাত ও নির্বাচনে আসার জন্য টাকার প্রস্তাব করা হয়েছে’ এ বিষয়ে প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ‘রেজা কিবরিয়া তো অনেক কথাই বলেছেন, আবার নুরও রেজা কিবরিয়া সম্পর্কে অনেক কথাই বলেছেন। নুরের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তো নানা সময়ে নানা জন করেছেন। আমাদের দলের সাথে নুরের কোনো যোগাযোগ নাই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, নুরের বিরুদ্ধে বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে বলেছেন যে নুর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্টের সঙ্গে বৈঠক করেছেন, অন্তত তিনবার। সেটার কোনো কার্যকর প্রত্যুত্তর নুরের কাছ থেকে আসে নাই। নুর ও রেজা কিবরিয়ার সাম্প্রতিক বাহাস জনগণ উপভোগ করছেন। এগুলো কৌতুক ছাড়া অন্য কোনো কিছু নয়।’