বইমেলায় আদর্শ প্রকাশনীর স্টল স্থগিত করায় মির্জা ফখরুলের নিন্দা

একুশে বইমেলা
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীর স্টল স্থগিত করায় গভীর উদ্বেগ, ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বাংলা একাডেমির একুশে বইমেলা মুক্তবুদ্ধি চর্চার উপযুক্ত স্থান হিসেবে যুগ যুগ ধরে বিবেচিত হয়ে আসছে। সরকারবিরোধী ও ভিন্নমতের বই প্রকাশের অভিযোগে আসন্ন বইমেলায় আদর্শ প্রকাশনীর স্টল স্থগিত করা খুবই উদ্বেগজনক এবং নিন্দনীয়। এ ঘটনা মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। আমরা এই ন্যক্করজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

ফখরুল আরও বলেন, বইমেলা কোনো সরকার বা একক দলের নয়; বরং দলমত-নির্বিশেষে সবার প্রাণের মেলা হিসেবে বিবেচিত হয়ে আসছিল। কিন্তু তিনটি ভিন্ন মতের বইয়ের জন্য ছয় শতাধিক বই প্রকাশকারী সংস্থা আদর্শ প্রকাশনীর স্টল স্থগিত করার মাধ্যমে বাংলা একাডেমি ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলো।

একুশের বইমেলাকে দলীয়করণ না করার জন্য বাংলা একাডেমির প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বইমেলায় আদর্শ প্রকাশনীসহ ভিন্নমতের বই প্রকাশকারী অন্য প্রকাশনীর স্টল বরাদ্দের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, তাদের স্টল বরাদ্দের আহ্বান জানাই, যাতে বইমেলা দলমত–নির্বিশেষে সবার প্রাণের মেলা হিসেবে পুনর্বিবেচিত হতে পারে।