
আমরা বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা বলেছেন, এই সরকার নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট এত প্রকট যে নির্বাচনকালীন সরকার অথবা জাতিসংঘসহ উন্নয়ন সহযোগীদের তত্ত্বাবধানে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারবে না।
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন।
এবি পার্টির নেতারা অভিযোগ করেছেন, দুই দফা দাবিতে এবি পার্টির পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে তোপখানা রোড অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ পদযাত্রাটি আটকে দেয় এবং ব্যানার গুটিয়ে নিতে বলে। এ সময় এবি পার্টি নেতারা প্রতিবাদ জানান।
এবি পার্টির নেতা চিকিৎসক মেজর (অব.) আবদুল ওহাব মিনার বলেন, ‘আমরা বিভিন্ন সময় অনুষ্ঠিত নির্বাচন থেকে দেখতে পেয়েছি যে কোনো দলীয় সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগাদা অনুভব করে না। তবে বিরোধী দলে থাকা অবস্থায় তাঁরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো বিকল্প খুঁজে পান না। এই প্রহসন থেকে জাতীয় রাজনীতিকে উদ্ধার করতে হবে।’
এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, অবৈধ সরকার জোর করে যত বছরই ক্ষমতায় থাকুক না কেন, তাঁর মসনদ সব সময় নড়বড়ে থাকে। কারও কোনো ধাক্কায় কাজ না হলেও সে একসময় নিজ থেকেই হুড়মুড় করে ভেঙে পড়বে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান, যোবায়ের আহমদ ভূঁইয়া প্রমুখ।