আমাদেরও ভিসা নীতি আছে, নির্বাচনের প্রস্তুতি নেন: ফারুক খান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধে ভয় না পেয়ে দলের নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান। তিনি বলেন, ‘নির্বাচন করার প্রস্তুতি নিন। বিদেশিরা কী বলে, আমেরিকা কী বলে, ভিসা নীতি হবে, সেগুলো কেয়ার (গুরুত্ব) করি না। আমেরিকার ভিসা নীতি আছে, আমাদেরও ভিসা নীতি আছে। আমেরিকার ভিসা নীতিকে আমরা ভয় পাই না।’

আজ বুধবার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে নেতারা যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, বিএনপির আন্দোলন ঠেকানো ও আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল (অব.) ফারুক খান বলেন, জনগণ বিএনপির দুঃশাসন ভোলেনি। তারা আর বিএনপির সেই আমলে ফিরে যেতে চায় না। জনগণ উন্নয়নের পক্ষে ভোট দেবে। নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সবাইকে বলতে হবে, তাঁরা যেন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেন।

বিএনপিকে ফাঁকা আওয়াজ দেওয়া বন্ধ করতে বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘ঈদের পরে আন্দোলন, পূজার পরে সরকার পতন, ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। কত আওয়াজ। এখন ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন, ৭২ ঘণ্টা হয়ে গেল, খবর নাই।’

দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, নির্বাচন এলেই বিএনপি মাঠ গরম করার চেষ্টা করে। মামাবাড়ির আবদারের মতো শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিতে বলে। এমন ভাব যেন বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। ক্ষমতায় এনেছে জনগণ, তারা যতক্ষণ চাইবে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ দাবি করেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলেও তাদের অনেক নেতা নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, বিএনপি বলে, আগামী মাসে ফাইনাল খেলা। এই খেলার আগেই বিএনপির অনেক নেতা দলবদল করে ফেলবেন। বিএনপি তাদের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে পারবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উত্তরোত্তর ভালো হচ্ছে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল বললেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নাকি তাঁদের আন্দোলন বেগবান হয়েছে। নির্বাচনে বাধা দিলে বিধিনিষেধ দেবে যুক্তরাষ্ট্র। ভিসা নীতি নিয়ে আমরা মাথা ঘামাই না। কাকে দিল না দিল, সেটা তাদের ব্যাপার। কম্বোডিয়া, নাইজেরিয়া, কিউবাকেও যুক্তরাষ্ট্র ভিসা বিধিনিষেধ দিয়েছিল, তাদের কিছুই হয়নি। তাই এটা নিয়ে মাতামাতির কিছু নেই।’

বিএনপির আমলে তাঁর নামে ৫২টি মামলা দেওয়া হয়েছিল বলে জানান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, বিএনপি নেতারা বড় বড় কথা বলছেন। ৩০ অক্টোবরের মধ্যে সরকার উৎখাত করবেন। এত সোজা না আওয়ামী লীগকে উৎখাত করা।

সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি। তিনি বলেন, ‘ভোট দেওয়ার জন্য মানুষ বসে আছে। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার উপায় নেই৷ বিএনপিকে বলব, আন্দোলন ও ষড়যন্ত্র ছেড়ে ভোটে আসেন। ঢাকা দখলের স্বপ্ন দেখবেন না।’

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান বলেন, রাজপথ যার রাষ্ট্রক্ষমতা তার। রাজপথে বিএনপিকে দাঁড়াতেও দেওয়া হবে না। একটা গাড়িতেও যদি পেট্রলবোমা মারা হয়, দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোহাম্মদ হাবিব হাসান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক প্রমুখ।