জয়পুরহাটে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে পেটাল দুর্বৃত্তরা

জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম ওরফে রাসেলকে (২৭) ডেকে নিয়ে তাঁকে রড দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা। তিনি জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার পর জয়পুরহাট শহরের আদর্শপাড়া সরকার মেসের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদুল দীর্ঘদিন ধরে জয়পুরহাট শহরের আদর্শপাড়া সরকার ছাত্রাবাসে আছেন। তিনি গতকাল রাত সাড়ে ১০টার পর মেসে ফেরেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি মেসে ঢুকে রাশেদুলকে খোঁজ করেন। রাশেদুল এসে ওই ব্যক্তিকে নিজের পরিচয় দেন। তখন ওই ব্যক্তি মেসের বাইরে বড় ভাইয়েরা তাঁর জন্য অপেক্ষ করছেন এ কথা বলে তাঁকে মেসের বাইরে নিয়ে আসেন। রাশেদুল মেসের বাইরে আসামাত্রই তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে রড দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে রাশেদুল জ্ঞান হারিয়ে ফেলেন। তখন দুর্বৃত্তরা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। মেসের ছোট ভাইয়েরা আহত রাশেদুলকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আজ রোববার সকালে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু আহত রাশেদুলকে দেখতে হাসপাতালে আসেন। এ সময় তিনি রাশেদুলের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

হাসপাতালে চিকিৎসাধীন রাশেদুল বলেন, ‘গতকাল রাত সাড়ে ১০টার পর মেসে এসেছি। এ সময় মেসে বিদ্যুৎ ছিল না। আবার মেসের বাইরের সৌর বিদ্যুতের সড়কবাতিও বন্ধ ছিল। আমি আসার কিছুক্ষণ পর এক ব্যক্তি মেসে এসে আমার নাম ধরে ডাকাডাকি করছিলেন। তখন কক্ষ থেকে এসে তাঁকে পরিচয় দিই। বড় ভাইয়েরা মেসের বাইরে অপেক্ষা করছে এমন কথা বলে তিনি আমাকে মেসের বাইরে ডেকে আনেন। আমি মেসের বাইরে আসামাত্রই ৫-৬ জনের একটি দল আমার ওপর হামলা চালিয়ে আমাকে এলোপাতাড়ি রড দিয়ে পেটায়। এরপর দেখছি, আমি হাসপাতালে। আমি কাউকে চিনতে পারিনি। এ ঘটনায় আমি থানায় মামলা করব।’

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুলকে হামলা ও মারধরের ঘটনা জেনেছি। এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। তবে থানা–পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনাটি তদন্ত শুরু করেছে।