বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধন। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধন। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে

এই সরকারই শেষ সরকার নয়, মানববন্ধনে পেশাজীবী পরিষদ

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা বলেছেন, এই সরকারই শেষ সরকার নয়। তাই বিএনপির নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। বলছেন, এক মাঘে শীত যায় না। অন্ধকারের পর আলো আসবেই।

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে পেশাজীবী পরিষদের নেতারা এসব কথা বলেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে পেশাজীবী পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে পেশাজীবী পরিষদের নেতারা বলেন, মানবাধিকার এখন ধানখেত, পাটখেতে আশ্রয় নিয়েছে। মানবাধিকার এখন একটি দলের জন্য। বিরোধী দলের জন্য কোনো মানবাধিকার নেই।

গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বের গণতান্ত্রিক শক্তিকে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে পেশাজীবী পরিষদের নেতারা বলেন, ‘বিনা ভোটের সরকার আগামী ৭ জানুয়ারি আরেকটি নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। আবার একদলীয় নির্বাচন করতে চাচ্ছে। এই নির্বাচন প্রতিহত করা হবে।’

পেশাজীবী পরিষদের আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, পরিষদের সদস্যসচিব ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসানসহ অনেকে মানববন্ধনে বক্তব্য দেন।

সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছিল পরিষদ। নির্ধারিত সময়ের মধ্যেই সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে এসে জড়ো হন। দুপুর ১২টার দিকে তাঁরা কর্মসূচি শেষ করে চলে যান।